বিনোদন

‘ব্র্যাডের পর আর কাউকে ডেট করিনি’: জোলি

  প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১:২৮:১৯ প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তবে দীর্ঘদিন পর এবার নিজের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। জানিয়েছেন, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর গত প্রায় এক দশকে নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, ২০১৬ সালে ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর তার জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সন্তানরা এবং নিজের মানসিক সুস্থতা ফিরে পাওয়া। এ কারণে নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে কখনো গুরুত্ব দেননি তিনি।

জোলির ভাষায়, ‘বিচ্ছেদের পর আমি আর কাউকে ডেট করিনি। আমার সব মনোযোগ ছিল সন্তানদের বড় করে তোলা এবং পরিবারকে ঘিরে। প্রেম বা সম্পর্ক নিয়ে ভাবার মতো সময় কিংবা মানসিক অবস্থাও ছিল না।’

একসময় হলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিচ্ছেদের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, গত কয়েক বছর তার জন্য সহজ ছিল না। নানা চ্যালেঞ্জ ও ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে এখন তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করতে চান।

জোলি বলেন, ‘আমি আবার নিজের মতো করে বাঁচতে চাই। স্বাধীনভাবে জীবনকে অনুভব করতে চাই। অতীতের কিছু অভিজ্ঞতা আমাকে অনেকটা ভেঙে দিয়েছিল, কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

অভিনেত্রী ও ব্র্যাড পিটের ছয় সন্তান, ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েন। জোলির মতে, বিশেষ করে তার মেয়েরাই তাকে আত্মবিশ্বাস ফিরে পেতে এবং নিজেকে নতুনভাবে চিনতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, ‘আমার মেয়েরা এখন বড় হয়ে উঠছে। তারা শুধু আমাকে মা হিসেবেই নয়, একজন নারী হিসেবেও দেখতে চায়। তাদের কাছ থেকেই আমি নিজের নতুন পরিচয় খুঁজে পাওয়ার শক্তি পাই।’

অন্যদিকে, জোলি যখন পরিবার ও সন্তানদের ঘিরেই সময় কাটিয়েছেন, তখন ব্র্যাড পিটের জীবনে এসেছে নতুন সম্পর্ক। ২০২২ সাল থেকে গয়না ডিজাইনার ইনেস ডি রামনের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা।