প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ২:২৮:৩১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে মেসি ও নেইমারের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্ক-বিতর্ক জমে ওঠে। অনেক সময় মেসি ও নেইমারকে ঘিরে এই প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র আকারও ধারণ করে।
তবে মাঠের বাইরের বাস্তবতা ভিন্ন। দীর্ঘদিন বার্সেলোনা ও পরে সেইন্ট জার্মেইনে (পিএসজি) একসঙ্গে খেলা মেসি ও নেইমারের সম্পর্ক সবসময়ই ছিল বন্ধুত্বপূর্ণ। একে অপরের সাফল্যে তারা আনন্দ প্রকাশ করেছেন, কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং বহুবার প্রকাশ্যে একে অপরের প্রশংসা করেছেন।
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের জায়গা নিশ্চিত হওয়ার পর দীর্ঘদিনের বন্ধু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন ব্রাজিল তারকা নেইমার। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মেসিকে ‘অসাধারণ মানুষ’ বলে উল্লেখ করেন তিনি।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘মাঠে সে কতটা ভালো, কল্পনা করুন মাঠের বাইরে সে কেমন। সে একজন দারুণ বন্ধু।’
ফুটবল বিশ্বের অন্যতম সফল জুটিগুলোর একটি ছিলেন মেসি ও নেইমার। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেন তারা। এই সময়ে দুই তারকা ক্লাবটির হয়ে আটটি বড় শিরোপা জেতেন।
বার্সেলোনার জার্সিতে তারা দুটি লা লিগা শিরোপা, তিনটি কোপা দেল রে, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন। বিশেষ করে ২০১৪-১৫ মৌসুমে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করে।
পরে ২০২১ সালে পিএসজিতে আবারও একত্র হন দুই তারকা। ফ্রান্সের ক্লাবটিতে ২০২৩ সাল পর্যন্ত একসঙ্গে খেলার সময় তারা টানা দুটি লিগ ওয়ান শিরোপা এবং একটি ট্রফি দে শঁপিয়ঁ জেতেন।
এদিকে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ৩-০ গোলের জয়ে দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধেই দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতে তুলে দেন রিয়াল মাদ্রিদ তারকা। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন ম্যাথেউস কুনিয়া।
এই জয়ের মাধ্যমে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একই গ্রুপ থেকে মরক্কোও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।














