অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম চার মাসের মধ্যে সর্বনিম্ন

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৯:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে—এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ অনেকাংশে কমেছে। এর ফলে ব্রেন্ট এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিজ ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৫৮ ডলারে নেমে এসেছে। উভয় সূচকই মার্চের পর এই প্রথম সর্বনিম্ন পর্যায়ে লেনদেন শেষ করল।

এই দরপতনের পেছনে মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিতকে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতারে হওয়া সাম্প্রতিক বৈঠকগুলো বেশ ফলপ্রসূ হয়েছে। দোহায় অনুষ্ঠিত এই কারিগরি পর্যায়ের আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন জানান, হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল পরিবহন শুরু হওয়ার সম্ভাবনা বাজারে এক ধরনের আশাবাদ তৈরি করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৩৮ লাখ ব্যারেল কমে ৪০ কোটি ৮৪ লাখ ব্যারেলে নেমেছে, যা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। তবে এই হ্রাসের পরিমাণ বিশ্লেষকদের করা ৪৫ লাখ ব্যারেল কমার পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।

দীর্ঘমেয়াদি অস্থিরতা কমে আসায় এবং হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়ায় বিশ্লেষকরা এখন ২০২৬ সালের তেলের দামের পূর্বাভাসও কমিয়ে এনেছেন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ ডলার কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতন। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩১ ডলার কমেছে, যা ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ের পর সর্বোচ্চ হ্রাস।

আরও খবর

Sponsered content