প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১১:৩২:০৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।
এর আগে সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।
কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’
বৃক্ষরোপণ শেষে দোয়াও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।
গৌরনদীর কর্মসূচি শেষ করে বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন তারেক রহমান। বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।





















