প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৬ , ২:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করবেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর প্রথমবারের মতোন এই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিন পরিবারের সদস্যদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনবেন। প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়াবেন।
প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে হলের একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে মামলার বিবরণে উঠে আসে।
ওই স্ট্যাটাসে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন চুক্তি এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আবরার। তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভ সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠনের নির্যাতন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও নতুন করে আলোচনায় আসে।
এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। আবরার হত্যাকাণ্ড বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে বহুল আলোচিত ও নিন্দিত ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।















