প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ১২:০২:২৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সরোয়ার ইমরানের বিশ্বাস, খেলোয়াড়দের স্বস্তির গণ্ডি থেকে বের করে আনার চেষ্টা করেই তাকে মূল্য দিতে হয়েছে।
২০২৬ সালের অক্টোবরে এশিয়ান গেমসের পর চুক্তির মেয়াদ শেষ হলে সরোয়ারের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে প্রধান কোচের দায়িত্বে তার জায়গায় ডেভিড হেম্পকে নিয়োগ দেয় বোর্ড। সরোয়ারের মেজাজ ও আচরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছিল বিসিবি।
ক্রিকবাজের খবর অনুযায়ী, দলের কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়ও সরোয়ারের আচরণ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন। তার কাজের ধরন নিয়ে অস্বস্তির কথাও জানিয়েছিলেন তারা।
এর আগে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়ের পর দলের সাজঘরে অস্থিরতা তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন সরোয়ার। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেয় বিসিবি। তবে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদানের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সেই নোটিশ দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসে বোর্ড।
২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করা সরোয়ারের দাবি, নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে তার বক্তব্য শোনার জন্য বোর্ডের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।
মঙ্গলবার একাত্তর টেলিভিশনকে সরোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমাকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন। বিসিবির সঙ্গে এটুকুই ছিল আমার যোগাযোগ।’
নিজের মেজাজ নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখলাম, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও—সবাই খুব চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এভাবে স্বস্তির গণ্ডিতে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়। এ কারণেই পাঁচ বছর আগেও আমাদের দল যেমন ছিল, এখনো তেমনই আছে।’
সরোয়ার আরও বলেন, ‘একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করতে শুরু করি। তাদের ফিটনেসের বিষয়েও হস্তক্ষেপ করেছি। যখন বকাঝকা করা প্রয়োজন মনে করেছি, তখন করেছি। আর আপনি যদি এটাকে বদমেজাজ বলেন, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।’
তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি তাদের উন্নতি করতে পারব। সাত-আটটি সফরে তাদের সঙ্গে ছিলাম। অথচ এক-দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সবকিছু শেষ হয়ে গেল।’
নিজের আত্মমর্যাদা ও পেশাদারত্বের কথা তুলে ধরে সরোয়ার বলেন, ‘আমার নিজের আত্মমর্যাদা আছে। আমি কী করতে পারি, সে সম্পর্কে সচেতন। লোক দেখানোর জন্য আমি কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমি কী কাজ করি। কেউ যদি বলেন, আমার মেজাজ খারাপ, তাহলে সেটি ভুল। জীবনে আমার রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। কারণ, আমি পেশাদার এবং কী করতে হবে, তা জানি। একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না। কারণ, বন্ধুত্ব থাকলে ওই খেলোয়াড়কে বাদ দিতে পারব না। আমি তাদের কোচ, বন্ধু নই।’
কোচিং স্টাফের সদস্যদের নিজেদের অবস্থান ধরে রাখতে খেলোয়াড়দের সঙ্গে আপস করতে হতো বলেও অভিযোগ করেছেন সরোয়ার। তার মতে, এভাবে খেলোয়াড়দের স্বস্তির গণ্ডিতে থাকতে দেওয়ায় তাদের উন্নতি বাধাগ্রস্ত হয়েছে।
সরোয়ার বলেন, ‘আমার মনে হয়, যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু স্বস্তির গণ্ডিতে থাকলে নারী ক্রিকেটারদের উন্নতি হবে না। আমার মনে হয়েছে, বিদেশি কোচেরাও একই কাজ করেছেন। আমার ধারণা, এভাবে মানিয়ে নিয়ে এবং চুপ থেকে একজন কোচ নিজের চাকরি নিশ্চিত করেন।’
দলের ফিটনেস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই কোচ। তার দাবি, বাংলাদেশের প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের ফিটনেস আন্তর্জাতিক মানের নয়।
সরোয়ার বলেন, ‘আমি বলছি, প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। তাদের বেশির ভাগের ফিটনেস গড়পড়তা মানের চেয়েও নিচে। কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’
তিনি আরও বলেন, ‘ফিটনেস বড় একটি সমস্যা। ফিটনেস পরীক্ষা হলে ট্রেনারই বলতে পারবেন, কতজন আন্তর্জাতিক মানের ফিটনেস ধরে রেখেছেন। তাদের সেই ফিটনেস নেই। আমি যদি মনে করি, শুধু ৩০টি বল করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাব, তাহলে তা কখনোই সম্ভব নয়।’
নারী দলের মধ্যে কোনো পক্ষ বা উপদল ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সরোয়ার। তবে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে দলের সব খেলোয়াড়ের সম্পর্ক সমান ঘনিষ্ঠ ছিল না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সরোয়ার বলেন, ‘দলের মধ্যে পক্ষপাত বা গ্রুপিং ছিল কি না, তা বলতে পারব না। তবে কেউ কেউ অধিনায়কের ঘনিষ্ঠ ছিল, আবার কেউ কেউ তার ততটা ঘনিষ্ঠ ছিল না।’





















