সারাদেশ

চাচার মনোনয়ন কিনতে অর্থ দিলেন ভাতিজা

  ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ৮:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

প্রয়াত বাবার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চাচার মনোনয়নপত্র কেনার অর্থ তুলে দিয়েছেন মামুন নামের এক যুবক। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কর্ণফুলী বাজারে মামুনের ব্যবসাপ্রতিষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিকের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিয়ার ঘনিবিষ্ণপুর গুয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ‘আমন্ত্রণ হোটেল’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম গত ১২ নভেম্বর নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর আগে তিনি ভাতিজা আব্দুল মালেক মানিকের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র কেনার অর্থ দেওয়ার কথা বলেছিলেন।

গত ১৯ নভেম্বর নির্বাচনি তফসিল ঘোষণার পর বাবার সেই নির্দেশনার কথা স্মরণ করে পরদিন শুক্রবার সকালে চাচার হাতে নির্ধারিত অর্থ তুলে দেন মামুন। এ সময় ১ নম্বর রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দবির উদ্দিন মিলারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন; পরে মিষ্টি বিতরণ করা হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক মানিক বলেন, “রফিকুল ভাই আমার স্নেহভাজন ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর সহযোগিতার যে কথা তিনি বলেছিলেন, তাঁর মৃত্যুর পর ছেলে মামুন তা রেখেছে। এতে আমি নতুন করে সাহস পেয়েছি।”

মামুন বলেন, “আব্বা মারা যাওয়ার আগেই কিছু টাকা আলাদা করে রেখে বলেছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে যেন চাচা আব্দুল মালেক মানিকের হাতে দিই। আব্বার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে।”

দবির উদ্দিন মিলার বলেন, “প্রয়াত বাবার দেওয়া কথা ছেলের মাধ্যমে পূরণ হওয়া একটি ইতিবাচক বিষয়।”

আরও খবর

Sponsered content