চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ৬:২৭:১৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বেগমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শিশির কানু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয় হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নোমান মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের অবদান সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্য—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।





















