পটুয়াখালী প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৩:২২:২১ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ছয়টি গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষায় কাদাপানি এবং শুষ্ক মৌসুমে খানাখন্দের কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
কলাপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, অনন্তপাড়া (খেয়াঘাট) থেকে মনজু মিয়ার দোকান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ৫০০ মিটার সড়ক পাকাকরণের দরপত্র প্রক্রিয়া ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছে। এ ছাড়া ২২ নভেম্বর প্রস্তাবিত নয়াকাটা মনজু মিয়ার দোকান থেকে সাত ভাইয়ের ঘাট পর্যন্ত ২ দশমিক ১৫০ কিলোমিটার সড়ক উন্নয়নের (রোড আইডি: ৫৭৮৬৬৫০০৫) উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা, যার দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাঁচা সড়কটির বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই কাদাপানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই সড়ক দিয়ে ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারিকাটা দাখিল মাদ্রাসা, ধুলাসার আলহাজ জালাল উদ্দিন কলেজ, চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, বৌলতলী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াকাটা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। সড়কটির বেহাল দশার কারণে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।
ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য নোয়াব আলী হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা সড়কটি পাকা হওয়ার অপেক্ষায় ছিলেন। কাজটি বাস্তবায়িত হলে ছয়টি গ্রামের মানুষের চলাচলের ভোগান্তি কমবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হুমায়ুন শিকদার বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেন, নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার গঠনের পর পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।





















