প্রচ্ছদ

তারা আমার স্বামীকে হত্যা করে আমাদের রাস্তায় নামিয়ে দিলো: নিহত স্পেন প্রবাসীর স্ত্রী

  প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ১২:২৯:০২ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম টিটু ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন চরবংশী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেওয়ানকে (৪০) হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।  প্রায় দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান, নিহত প্রবাসী স্ত্রী নারগিস বেগম, বড় ছেলে লিখন ও ছোট ছেলে নাসিম এবং স্থানীয় সোহাগ হোসেন, ফয়সাল ও মাসুদসহ অনেকে।
বক্তারা বলেন, প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনো তাদের গ্রেফতার করছেন না। ফারুক কবিরাজ প্রভাবশালী হওয়ায় অজ্ঞাত কারণে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়নি। এই দুই আসামি গ্রেফতার না হওয়ায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যসহ এলাকার মানুষদের মনে দেখা দিয়েছে নানা উদ্বেগ। এদিকে ফারুক কবিরাজ ও মেহেদী কবিরাজ বিভিন্নভাবে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে বলেও জানায় তারা। তারা আরও বলেন, খুনিরা দলের পরিচয় দিয়ে ফের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এই দুই আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
হত্যার ছয় দিন অতিবাহিত হলেও প্রধান আসামি ও তার ভাই গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীর স্ত্রী নারগিস বেগম। তিনি বলেন, ‘আমার স্বামীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রতিটি আসামি বিএনপি ও সহযোগী সংগঠনের পদধারী নেতা। তাই পুলিশ আসামিকে ধরতে ভয় পাচ্ছে। এতে আমি ও আমার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।
গেল (৭ এপ্রিল) সোমবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সাইজুদ্দিন দেওয়ান (৪০) নামে এক স্পেন প্রবাসী  নিহত হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। ওই দিন বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মধ্যচরবংশী বেড়িবাঁধ, বাবুরহাট ও খাসেরহাট বাজারে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়পুর-রামগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ফারুক কবিরাজ ও মেহেদী কবিরাজসহ সকল আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content