প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ৬:০২:০০ প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বর একটি দল লংমার্চের নামে বেহেশতের দিকে রওনা দেবে। তারা বেহেশতের টিকিট বিক্রি করেছে, এখন বেহেশতের দিকে যাবে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল, জুলুম ও রক্তের বিনিময়ে সংগ্রাম করেছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, যার প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দিনরাত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষিত বিএনপির ৩১ দফা অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। জনগণও বিএনপির প্রতি সাড়া দিচ্ছে। তবে সংসদকে অকার্যকর বা বিব্রত করার মাধ্যমে ফ্যাসিবাদের ফিরে আসার পথ তৈরি করতে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি সব দলের। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে লক্ষ্য নিয়ে সবাই লড়াই করেছে, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করা উচিত।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।















