প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৯:১৫ প্রিন্ট সংস্করণ
বেশ কিছুদিন আগে অপূর্বর সঙ্গে ছেলের একটি ভিডিও বেশ আলোচিত হয়েছিল। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পর সেটি নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হন এই অভিনেতা। ভিডিওতে বাবা-ছেলের আনন্দ এবং আবেগ ধরা পড়ে ক্যামেরায়। যেহেতু ছেলের বাবা এবং মা দুজনেই বিবাহিত, সেহেতু ছেলে একা জীবন কাটাচ্ছে, এমন নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা।
তবে চুপ থাকেননি অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। এর কড়া জবাব দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ছেলে তার কাছেই থাকে। যখন ছেলের ইচ্ছা হয় বা সপ্তাহের শেষ দিকে বাবার কাছে যায়। এ বক্তব্যের পর অদিতির পক্ষে দাঁড়িয়েছেন বহু নেটিজেন।
এই ঘটনার পর থেকে অপূর্ব যেন হারিয়েই গিয়েছিলেন। একসময় যেখানে ছোট পর্দা বলতেই অপূর্বর উপস্থিতি, কিন্তু এখন আর সেভাবে দেখা যাচ্ছে না তাকে। অনেকেই ধারণা করেছিলেন কাজ নেই অপূর্বর হাতে। তাই তিনি পর্দার আড়ালে! তবে অপূর্ব জানান যে, তার কাজ আছে। কাজের মধ্যেই থাকেন তিনি। মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়।
তিনি বলেন, ‘বিরতিতে ছিলাম কিছুদিন। আবার এসেছি, কাজ করব। আবার বিরতিতে যাব। এরপর আবার বিরতি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তো একটু বয়সও বাড়ছে। আগের মতো দৌড়ঝাঁপ করে কাজ করাটা কঠিন। এ ছাড়া ব্যাকপেইনের সমস্যা আছে। সেটার জন্য একটু বুঝেশুনে কাজ করব। খুব বেশি দৌড়ঝাঁপ আসলে এখন করা যাবে না, চিকিৎসকের নিষেধ আছে।











