মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার ১৬ আগস্ট ২০২৬ , ১০:১০:০৪ প্রিন্ট সংস্করণ
বহুল আলোচিত শহীদ আহসান উল্লা মাস্টার হত্যা মামলার আসামি ও জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দিপু তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি দাবি করেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দীর্ঘ ২৩ বছর ধরে বাধ্য হয়ে প্রবাসে জীবনযাপন করছেন জানিয়ে নুরুল ইসলাম দিপু বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই মামলায় জড়িয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) বাদ মাগরিব গোপালপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে মুঠোফোনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকাবাসী ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
গোপালপুর এলাকায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে নুরুল ইসলাম দিপুর বক্তব্য মুঠোফোনে সরাসরি শোনেন উপস্থিত লোকজন।
দোয়া মাহফিলে নুরুল ইসলাম দিপুসহ হত্যা মামলার সব আসামির বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার ও তাঁদের অব্যাহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মামলায় কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণকারী শহিদুল ইসলাম শিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রখ্যাত শ্রমিক নেতা ও সংসদ সদস্য শহীদ আহসান উল্লা মাস্টারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।















