আন্তর্জাতিক

ইরানের দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ২:২৫:২২ প্রিন্ট সংস্করণ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশ অমান্য করে ওই দুই কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করছিলেন। পরে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরানের জাতিসংঘ মিশনকে তাদের পুরো প্রতিনিধিদলকে সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিন্তু প্রতিনিধিদলের দুই সদস্য ওই নির্দেশের পরও নিউইয়র্কে থেকে যান।

শুক্রবার ইরানের মিশনকে জানানো হয়, ওই দুই কূটনীতিক এখনও নিউইয়র্কে অবস্থান করছেন এবং তাদের উপস্থিতির বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের নজরে এসেছে। এরপর ওয়াশিংটন তাদের দুজনকেই অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ পুনর্ব্যক্ত করে।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানের প্রতিনিধিদলের আরও দুই সদস্যকে নিউইয়র্কে পাওয়া যায়। এখন তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই কূটনীতিকের একজন শুক্রবার রাতে নিউইয়র্ক ত্যাগ করেন। অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ছাড়েন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার প্রতিনিধিদলকে সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরে দুই কূটনীতিক নির্দেশ অমান্য করে নিউইয়র্কে থেকে যাওয়ার বিষয়টি জানতে পেরে তাদের বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হয়।

আরও খবর

Sponsered content