সারাদেশ

উন্নয়ন কার্যক্রমে বদলাতে শুরু করেছে নেত্রকোনা পৌরসভার চিত্র

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২৬ ডিসেম্বর ২০২৫ , ৯:১৩:২৭ প্রিন্ট সংস্করণ


সাম্প্রতিক সময়ে নেত্রকোনা পৌর প্রশাসনের উদ্যোগে গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে নেত্রকোনা পৌরসভার চিত্র। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও শহরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এসেছে। বর্তমানে নেত্রকোনা পৌর এলাকায় প্রবেশ করলে আধুনিক নগর ব্যবস্থাপনার ছোঁয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণকাজ উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে। দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ এলাকা হিসেবে পরিচিত নেত্রকোনা শহরের মাছুয়া বাজার এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়ে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিত। নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।

এতে করে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, “নিজের দায়বদ্ধতা থেকেই আমি এসব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। যতদিন দায়িত্বে থাকবো, ততদিন পৌরসভার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

নাগরিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর এলাকায় উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন সড়কে উন্নয়নকাজ চলমান রয়েছে। এছাড়া নতুন করে একাধিক ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন এবং রাস্তা নির্মাণকাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তরে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নেত্রকোনা পৌর এলাকার মোক্তারপাড়ার বাসিন্দা ওমর ফারুক বলেন, “যে কোনো নাগরিক সমস্যার কথা জানালে বর্তমান পৌর প্রশাসক দ্রুত সেখানে উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।”

নেত্রকোনা মাছুয়া বাজারের ব্যবসায়ী আবুল হাসেম বলেন, “যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলোর অগ্রগতি দেখলেই প্রশাসকের আন্তরিকতা বোঝা যায়। কিছু মানুষ না জেনে সমালোচনা করলেও আমরা চাই তিনি তার নেওয়া কাজগুলো সম্পূর্ণ করুন। পৌরবাসী হিসেবে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো।”

আরও খবর

Sponsered content