স্টাফ রিপোর্টার, মাদারীপুর ১ জানুয়ারি ২০২৬ , ৮:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় জোরপূর্বক এক শিক্ষকের জমির বিভিন্ন প্রকার কাঠ ও ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আবু হানিফ ব্যাপারী নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ওই শিক্ষক ও তার পুত্রবধূর ওপর হামলার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক হাসান আলী মৌলভী আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় বুধবার সকালে হাসান আলী মৌলভীর ক্রয়কৃত জমিতে প্রবেশ করে একই এলাকার আবু হানিফ ব্যাপারী ও তার লোকজন বিভিন্ন প্রকার কাঠ ও ফলজ গাছ কেটে নিতে শুরু করে।
খবর পেয়ে শিক্ষক হাসান আলী মৌলভী ও তার পরিবারের সদস্যরা গাছ কাটতে বাধা দিলে আবু হানিফ ব্যাপারী ও তার স্ত্রী সুখি বেগম তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে শিক্ষক হাসান আলী মৌলভী ও তার পুত্রবধূ হালিমা বেগম আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্ত আবু হানিফ ব্যাপারী ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হালিমা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের অনেক গাছ কেটে নিয়ে গেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে এবং আমার গলায় রামদা ধরে হত্যার চেষ্টা করা হয়।”
শিক্ষক হাসান আলী মৌলভী বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। এবার জোর করে আমাদের জমির গাছ কেটে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় মামলা করবো।”
অভিযুক্ত আবু হানিফ ব্যাপারীর বক্তব্য জানার জন্য একাধিকবার তার বাড়িতে গেলে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”





















