মেহেরপুর প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৯:২৮:১৭ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতানসহ পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬/১৬ ধারায় অবৈধভাবে ইটভাটায় খড়ি পোড়ানোর দায়ে বামন্দী বিক্সস ইটভাটার পরিচালক মিজানুর রহমান (৫৫)-কে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ ও আইন মানতে বাধ্য করতে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।




















