প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৩:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে আলোচনা করতে রাজি নয় বিএনপি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও তারা এ প্রস্তাবে সাড়া দেননি।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছেন, আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব।”
গণতন্ত্রে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ডেমোক্রেসিতে (গণতন্ত্রে) আলোচনা এবং রাজপথে আওয়াজ তোলা—এই দুটোই চলে। আমরা তো কোনো ভায়োলেন্স (সহিংসতা) করছি না।”
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধের প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে, তা স্পষ্ট নয়। জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যখন সুপারিশ করল, তখনই বিরোধ তৈরি হলো।”
জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিরোধিতা করে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে মানুষের মনোযোগ থাকে দল ও প্রার্থী কেন্দ্রিক। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের প্রবণতা রয়েছে। দুটি ভোট হলে সময় ব্যবস্থাপনার সমস্যা হবে, ভোট কাস্টিং কমে যাবে। পরে আবার বলা হবে, জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।”
বর্তমান প্রশাসনের প্রতি জনগণের আস্থার অভাবের কথা তুলে ধরে জামায়াত নেতা বলেন, “ফ্যাসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন এখনো রয়ে গেছে। আগে গণভোট হলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা তৈরি হবে। এতে নির্বাচন আরও সুষ্ঠু হবে।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।





















