সারাদেশ

জাতীয় পার্টি চেয়ারম্যানের বাসভবনে অগ্নিসংযোগ, প্রেসিডিয়াম তীব্র নিন্দা

  চট্টগ্রাম (স্টাফ রিপোর্টার): ২১ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীস্থ বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি।

শনিবার রাজধানীর গুলশানস্থ হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত জরুরি প্রেসিডিয়াম বৈঠকে বলা হয়, পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বৈঠকে জাতীয় পার্টির নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রেসিডিয়াম সভায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন মিডিয়া ও রাজনৈতিক নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ, হামলা এবং প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটেছে। এসব কর্মকাণ্ড জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি অশুভ গোষ্ঠীর ষড়যন্ত্র বলে মনে করছে পার্টি।

সভায় আরও বলা হয়, দেশের নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি ইতোমধ্যেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে একটি জোট গঠন করেছে। তবে চলমান সহিংস পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা প্রশ্নবিদ্ধ। এছাড়াও, কিছু নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার না হওয়ায় নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content