জৈন্তাপুর প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৭:৫৬ প্রিন্ট সংস্করণ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৯৭৭) তল্লাশি করে এসব কম্বল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি চালিয়ে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, রোববার (১৪ ডিসেম্বর) সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
তিনি বলেন, “চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”




















