সারাদেশ

টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০ ককটেল উদ্ধার

  মোঃ নুরুজ্জামান শেখ ৪ অক্টোবর ২০২৬ , ১২:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টনের ভেতর থেকে ককটেল ও ব্যানারগুলো উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কার্টনের ভেতর থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ককটেল উদ্ধারের ঘটনায় শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন। তাদের দাবি, পরিকল্পিতভাবে ককটেলগুলো ওই বাড়ির সামনে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শনিবার রাত দেড়টা থেকে পৌনে ২টার দিকে একটি প্রাইভেটকারে করে শাহজালাল নামে এক ব্যক্তি এসে ককটেলগুলো সেখানে রেখে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়িটি ঘিরে ফেলে। তবে এ দাবির বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content