সারাদেশ

টেকনাফে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫

  কক্সবাজার প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৪:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্লাহ (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি কলেজের শিক্ষকও রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার চেইন্দা খন্দকারপাড়া এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে হ্নীলা মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক হেলাল উদ্দিন (৩০) রয়েছেন। অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, সকালে কক্সবাজারগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক নিহত হন এবং পাঁচ যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সজীব বলেন, দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছেন এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content