সারাদেশ

নেত্রকোনায় শিক্ষানবিশ এএসপি মায়িশা ফান্নানার যোগদান

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ১০ এপ্রিল ২০২৬ , ১১:২৭:১৩ প্রিন্ট সংস্করণ

মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মায়িশা ফান্নানা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি জেলায় তার নতুন কর্মযজ্ঞ শুরু করেন।

যোগদানের পর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তার কার্যালয়ে ফুল দিয়ে নবাগত এই কর্মকর্তাকে স্বাগত জানান। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

বিশেষ সূত্রে জানা গেছে, মায়িশা ফান্নানা ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে তাকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) ইউনিটে সংযুক্ত করা হয়।

পরবর্তীতে পুলিশ প্রবিধান অনুযায়ী মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে ছয় মাসের জন্য নেত্রকোনা জেলায় সংযুক্ত করা হয়েছে। এই সময়ে তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দাপ্তরিক ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা এবং অপর শিক্ষানবিশ এএসপি ফাইয়াজ সার্জিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত কর্মকর্তারা নবাগত এএসপি মায়িশা ফান্নানার সফলতা কামনা করেন এবং তার প্রশিক্ষণকালীন সময়ে সর্বাত্মক পেশাগত সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের বাস্তব প্রশিক্ষণ একজন পুলিশ কর্মকর্তার পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও খবর

Sponsered content