সারাদেশ

নেত্রকোনায় হাওর এক্সপ্রেস থেকে পড়ে যুবকের মৃত্যু

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি: ১৭ জুলাই ২০২৬ , ১২:১২:১৮ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনায় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুহিদ খান নেত্রকোনা সদর উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মুহিদ। অভিযোগ অনুযায়ী, টিকিট না পাওয়ায় তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে যাত্রা করছিলেন। ভোরের দিকে ঘুমে হাতের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তার একটি পা ট্রেনের নিচে কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বাকি অংশ পাশের একটি ডোবায় পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের চাচাতো ভাই দেওয়ান রিয়াদ বলেন, “ঢাকা থেকে হাওর এক্সপ্রেসে বাড়ি ফিরছিল মুহিদ। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিল। ভোরের দিকে ঘুম চলে এলে হাত ছুটে ট্রেন থেকে পড়ে যায়। খবর পেয়ে আমরা নেত্রকোনায় এসেছি মরদেহ গ্রহণের জন্য।”

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content