প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ১১:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চারজন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
সেনাবাহিনী সূত্রে জান গেছে, বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় শিক্ষার্থীদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী।
এসময় অপহরণের ঘটনায় জড়িত শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩) নামের চারজনকে আটক করা হয়েছে।
তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে।
আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




















