নিজস্ব প্রতিবেদক ১৬ আগস্ট ২০২৬ , ২:২০:৩০ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁদপুর গ্রামের ঘোষপাড়ায় রান্নাঘরে রান্না করার সময় এক নারীর গলায় ছুরি ঠেকিয়ে দুই কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। দুল ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাইকারীর টানে ওই নারীর কানে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় চিকিৎসক তাঁর কানে চারটি সেলাই দিয়েছেন।
ঘটনার শিকার কেয়া রানী ঘোষ (২৮) ওই গ্রামের বিশ্বজিৎ ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেয়া রানী নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি আচমকা তাঁর গলায় ছুরি ঠেকিয়ে দুই কানের দুল জোর করে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেয়া রানীর দুই কানে রক্তাক্ত জখম হয়।
তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁর কানে চারটি সেলাই দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী ঘটনাস্থলে এক জোড়া স্যান্ডেল ফেলে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সমাজসেবক মো. শাহীন রেজা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি গলায় ছুরি ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি বলে জানান তিনি।
শাহীন রেজা আরও বলেন, সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাঁর ওয়ার্ডের তিনটি গ্রামে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাঁরা দ্রুত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





















