সারাদেশ

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুরের ৬টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০৩:৪০ প্রিন্ট সংস্করণ

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রংপুর–এর ৬টি সংসদীয় আসনের কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দ্রুত ও স্বচ্ছভাবে গণনা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর রংপুর-১ আসনের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। আনসার সদস্যরা লাঠি-রশি খুলছেন, চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন এবং কেন্দ্র গোছানোর কাজ করছেন।

ওই কেন্দ্রের ভোটার খাদিজা খাতুন বলেন, “কোনো ঝামেলা ছাড়াই ভোটকেন্দ্রে আসছি। স্লিপ নিয়ে ভোট দিয়েছি। সারা দিন মনে হলো ঈদের মতো পরিবেশ।”

আরেক ভোটার নুর মোহাম্মদ বলেন, “ভোট দিয়ে আমাদের ক্ষমতা হস্তান্তর করছি। এখন কার কাছে যায়, তা দেখার জন্য অপেক্ষায় আছি। ভোট গণনা শুরু হয়েছে, ফলাফল শুনে বাড়ি যাব।”

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৭টায় ৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে মোট ভোটার ১ হাজার ৬৩২ জন। ভোট দিয়েছেন ১ হাজার ৬১ জন, যা প্রায় ৬৫ শতাংশ।

দুপুর ২টা পর্যন্ত রংপুর বিভাগের ৬টি আসনে ভোটগ্রহণে মোটামুটি সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অধিকাংশ আসনে ভোটার উপস্থিতি ৫০ শতাংশের আশপাশে থাকলেও মহানগর-সদর আসনে তুলনামূলক কম ভোট পড়েছে। সার্বিকভাবে গ্রামীণ আসনগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বেশি থাকায় দুপুর ২টা পর্যন্ত গড় ভোটের হার ছিল প্রায় ৪৯ দশমিক ৪ শতাংশ।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়—

  • রংপুর-১ (গঙ্গাচড়া–মহানগর আংশিক): ১৩৯ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৬৮ জন; দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ।

  • রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ): ১৩৭ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৭৭ হাজার ৮০২ জন; ভোট পড়েছে ৫০ দশমিক ৮৬ শতাংশ।

  • রংপুর-৩ (মহানগর–সদর): ১৬৯ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২ জন; ভোট পড়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ।

  • রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা): ১৬৩ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৫ হাজার ২৫৮ জন; ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ।

  • রংপুর-৫ (মিঠাপুকুর): ১৫২ কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৭৪১ জন; ভোট পড়েছে ৫০ শতাংশ।

  • রংপুর-৬ (পীরগঞ্জ): ১১৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৮৫২ জন; ভোট পড়েছে ৫১ দশমিক ২৭ শতাংশ।

ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content