মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ১:২৫:২৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকামুখী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি মাধবপুরের ইটাখোলা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়।”
ইঞ্জিন বিকল হওয়ার ফলে ট্রেনের শত শত যাত্রী স্টেশন এলাকায় আটকে পড়েন। দীর্ঘসময় অপেক্ষায় শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে থাকে বলে জানিয়েছেন উপস্থিত যাত্রীরা।”
নোয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে কালনী এক্সপ্রেসটি বিকল অবস্থায় দাঁড়িয়ে আছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে।”
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ এ রুটে ট্রেন চলাচলেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। “