মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৯:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৪জন ব্যবসায়ীকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজ রবিবার (০২ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার নোয়াপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ০৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি পায়ে হেঁটে চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরী না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন মাধবপুর থানার একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
নাহিদ মিয়া /এমআই




















