সারাদেশ

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় জিরা জব্দ, সিজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৫ , ৯:০৫:১৬ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সিলেট–ঢাকা মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টা ২০ মিনিটের দিকে একটি ডাম্প ট্রাক আসতে দেখে ট্রাকটি থামানোর সংকেত দেওয়া হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে বালির নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content