নওগাঁ প্রতিনিধি : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০২:১০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু-এর পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শনিবার বিকেলে কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
সভায় কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান সোহান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কাজি-র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















