মেহেরপুর (স্টাফ রিপোর্টার): ২৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৯:৫৭ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে পাওয়ার টিলার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা তানহা আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টায় দবির ডাক্তার বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী পাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। সাহারবাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পাওয়ার টিলার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। আইনানুগ প্রক্রিয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”





















