সাঈদ ইবনে হানিফ: ১৭ জুলাই ২০২৬ , ১১:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মাগরিবের নামাজের পর উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা-ঘোষনগর বাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।
অনুষ্ঠানে বাজার কমিটি, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশ নেন।
আলোচনা সভায় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





















