তথ্যপ্রযুক্তি

যশোরে গণ অধিকার পরিষদের গণসমাবেশ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৩ আগস্ট ২০২৫ , ১২:০০:১৮ প্রিন্ট সংস্করণ

যশোর টাউন হল ময়দানে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে “১৮-এর কোটা সংস্কার থেকে ২৪-এর রাষ্ট্র সংস্কার” এর স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ এর প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন আশিক ইকবাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বলেন— “যশোরে আমাদের নেতাকর্মীরা ২০১৮ সাল থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল যখন রাজপথে দাঁড়াতে পারেনি, তখন গণ অধিকার পরিষদ রাজপথে ছিল।”

তিনি আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান না হলে আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। সেই আন্দোলনের উদ্দেশ্য আজও পূর্ণ হয়নি। জনগণ জানে গণ অধিকার পরিষদ কী ভূমিকা রেখেছিল।”

তিনি অভিযোগ করেন, “দেশে এখনো প্রশাসন সংস্কার হয়নি। ডিসি-এসপি যারা আগের সরকারের আমলে দায়িত্বে ছিলেন তাদের বহাল রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন: “সচিবালয়, পুলিশ ও প্রশাসনে সংস্কার আনুন। নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। আগামী নির্বাচনে সুযোগ পেলে খুলনা বিভাগকে উন্নয়নের মাধ্যমে নিউইয়র্ক-লন্ডনের সমকক্ষ করে গড়ে তুলব।”

প্রধান অতিথি নুরুল হক নুর বলেন— “বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়ে আবার দ্বিগুণ টাকা কামানোর রাজনীতি বন্ধ করতে হবে।”

তিনি লুটেরা চক্রের নাম উল্লেখ করে বলেন: “নাবিল গ্রুপ দেশের টাকা বিদেশে পাচার করেছে। দ্রব্যমূল্য বাড়লেও আর কমে না। অন্তর্বর্তী সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “১৮ সালের কোটা আন্দোলনের মধ্য দিয়েই গণ অধিকার পরিষদ রাজনীতিতে আসে। যশোরের কুখ্যাত সন্ত্রাসী শাহিন চাকলাদারের সন্ত্রাসী রাজনীতির অবসান ঘটেছে।”

নুর বলেন, “রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ এখন অচল মাল, আর ঘুরে দাঁড়াতে পারবে না।”

তিনি রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এক। সব দলের ঐকমত্য প্রয়োজন।”

আরও খবর

Sponsered content