সারাদেশ

যশোর–১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ

 

যশোর–১ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু পন্থী নেতাকর্মীরা।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কয়েক হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। বিক্ষোভকারীরা ‘কাফনের কাপড়’ পরে আন্দোলনে অংশ নেন, এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থেকে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের ত্যাগী, মাঠপর্যায়ের ও পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন “সংস্কারপন্থী নেতাকে” মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁরা দাবি জানান, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করা না হলে আন্দোলন আরও কঠোর হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, “বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। সেই আশাতেই আমরা মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, তবে যশোর–১ আসনে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।”

মহিবুল নামে এক নেতা বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন–সংগ্রামে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন আমাদের পাশে ছিলেন। তাঁদের মধ্য থেকে কাউকেই মনোনয়ন না দেওয়া কর্মীদের প্রতি অন্যায়।”

যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, “আমরা বাড়িছাড়া হয়েছি, মামলার আসামি হয়েছি, তবু নেতৃত্বকে ছাড়িনি। কিন্তু দল যে নেতাকে মনোনয়ন দিয়েছে, তিনি দুঃসময়ে ছিলেন না। এমন অতিথি পাখিকে আমরা মেনে নিতে পারি না।”

পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ও দলীয় সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে; অনেকের মতে, প্রার্থী মনোনয়ন সংশ্লিষ্ট এই আন্দোলন যশোর–১ আসনের নির্বাচন পরিস্থিতিতে নতুন ধোঁয়াশা তৈরি করেছে।

আরও খবর

Sponsered content