সারাদেশ

যারা হ্যাঁ ভোটের পক্ষে, তারা নাৎসীবাদের দোসর: জি এম কাদের

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৯:০৮:২৩ প্রিন্ট সংস্করণ

রংপুরবাসীর কাছে লাঙল মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের প্রচারণার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়ে জি এম কাদের বলেন, ‘গতকাল রংপুরে সরকারের একজন উপদেষ্টা বলেছেন, যারা না ভোট চাচ্ছেন তারা স্বৈরাচারের দোসর। আমি বলতে চাই, আমরা দেশ বাঁচাতে না ভোটের পক্ষে। আর যারা হ্যাঁ ভোটের পক্ষে, তারা নাৎসীবাদের দোসর।’

জি এম কাদের বলেন, ‘আমি রংপুরের সন্তান। রংপুরবাসীর কাছে আমার চাওয়া হলো, জাতীয় পার্টি যত দিন ক্ষমতায় ছিল, তত দিন রংপুরবাসী শান্তিতে ছিল। জাতীয় পার্টি, চাঁদাবাজি, দখলবাজি করে নাই। জাতীয় পার্টি কাউকে অত্যাচার করে নাই। বিএনপি, জামায়াতসহ সকল দলের লোক আমার কাছে যারা এসেছিল, সবার কাছে সমানভাবে দেখা হয়েছে। তাই রংপুরবাসী যদি শান্তি চায়, স্বস্তি চান, সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে বিগত দিনের মতো আবারো জাতীয় পার্টিকে সমর্থন দিবেন, লাঙল মার্কায় ভোট দিবেন এই কামনা করছি।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নানা বাধা-বিপত্তির মুখে আমরা নির্বাচনে এসেছি। তারা আমাদের দলকে ভাগ করার চেষ্টা করেছিল, নির্বাচন থেকে সরে দিতে চেয়েছিল, আমরা তা রুখে দিয়েছি। আমাদের প্রার্থী ও নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেলে রাখছে। কোনো জামিন হচ্ছে না। উল্টো আরও মামলা দেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তথাপিও আমরা আমাদের রাজনীতি করছি। দরকার হলে বুকের রক্ত দেব, তবুও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। আমরা মারা যাব, তবু আমরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব।’

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়। তাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, যা কোনোভাবেই ঠিক নয়। তারা যদি নির্বাচনে আসতে চায়, তাদের ওপর প্রেসার দেওয়া হচ্ছে, তাদের অত্যাচার করা হচ্ছে। তবে আওয়ামী লীগের ভোট বিএনপি, জামায়াত, এনসিপি চাচ্ছে। তাদের ভোট দিলে ভোট দিতে পারবে। কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তাদের ভোট দিতে দেবে না। এমন করে দেশের সংখ্যালঘুদের ওপরও অত্যাচার করা হচ্ছে, যাতে করে তারা ভোট দিতে না পারে। তাদেরকে একই কথা বলছে। বিএনপি, জামায়াত এনসিপি তাদেরকে ভোট দিতে বলছে। কিন্তু আমাদের ভোট দিলে সমস্যা আছে। তাই আমরা নির্বাচন কমিশনের প্রতি দাবী জানাচ্ছি, আমাদের যেন সুষ্ঠভাবে নির্বাচন করতে দেওয়া হয়। আমাদের উপর যেন কোন নির্যাতন করা না হয়, আমাদের নির্বাচনে যেন বাধা দেওয়া না হয়।’

আজ আনুষ্ঠানিকভাবে রংপুরে লাঙলের প্রচার-প্রচারণা শুরু করেন এবং নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর ও জাহাজকোম্পানীসহ বিভিন্ন মোড়ে পথচারী, ব্যবসায়ীসহ সবার কাছে লিফলেট দিয়ে লাঙলের ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এস এম ইয়াসীরসহ অন্য নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content