সারাদেশ

রংপুর সিটির উন্নয়নে ১,৬০২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার: ৮ অক্টোবর ২০২৬ , ২:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

 রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

একনেকে অনুমোদিত প্রকল্পটির মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং রংপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা।

এর পাশাপাশি রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার আরও একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গোলাম রসুল বকুল বলেন, রংপুর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনকে নগরবাসী সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি হিসেবে জানেন। তাঁর নেতৃত্বে কোনো ধরনের দুর্নীতি ছাড়াই প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হবে এবং রংপুর একটি আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, “রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা নিরসন, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।”

তিনি বলেন, “সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় অনুমোদিত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।”

এ সময় তিনি রংপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণে সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৃহৎ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে রংপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

আরও খবর

Sponsered content