সারাদেশ

শ্বশুরকে ফোন করে স্ত্রীর মরদেহ নিয়ে যেতে বলেন ঘাতক স্বামী

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৬:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর শ্বশুরকে ফোন করে মরদেহ নিয়ে যেতে বলেন ঘাতক স্বামী জালাল ওরফে দুলু (৩০)। এরপরতিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়া স্বামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার মধ্যরাতে তাকে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করে। গাজীপুর মহানগরীরের বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় তিনি স্বামীর সঙ্গে বসবাস করতেন।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জালাল ঘরের ভেতরে মরদেহ রেখে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে নিহতের বাবা মিরাজুল ইসলামকে ফোন করে জানায়, আপনার মেয়েকে মেরে ফেলেছি। এসে মরদেহ নিয়ে যান।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাত ১টা ১০ মিনিটে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে অভিযুক্ত জালালকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

Sponsered content