লাইফস্টাইল

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

  হবিগঞ্জ প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ২:০১:৩২ প্রিন্ট সংস্করণ

 

আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্র জানায়, উপজেলা ও পৌর ইউনিট কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক জি কে গউসপন্থী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধ দেখা দেয়। এর প্রতিবাদে সাবেক নেতা শেখ সুজাত মিয়া ও সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারের নেতৃত্বে একটি গ্রুপ সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। পদবঞ্চিতরা জেলা সদরে বিক্ষোভ এবং উপজেলায় ঝাড়ু-জুতা মিছিল করেন।

বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে সিলেট বিভাগের টিম লিডার প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দিনভর ও গভীর রাতে দুই দফা বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষের বক্তব্য শুনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৬ সেপ্টেম্বরের কাউন্সিল স্থগিত করা হয়।

এক যুগ্ম আহ্বায়ক জানান, একইসঙ্গে আগের নির্বাচন কমিশন বাতিল করা হয়েছে। উপজেলা ও পৌর কমিটিতে নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে উভয় গ্রুপের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের সম্পৃক্ত করে নতুন তালিকা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠক রাত আড়াইটায় শেষ হয়। সেখানে সিদ্ধান্ত হয়, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনকে বাদ দিয়ে এডভোকেট মো. বদরু মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হবে।

আরও খবর

Sponsered content