সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হবিগঞ্জে সর্বোচ্চ প্রস্তুতিতে বিজিবি

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৭:১৩ প্রিন্ট সংস্করণ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার এক ব্রিফিংয়ে ৫৫ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম জানান, সরকারের ও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত ১৬টি বিওপির মাধ্যমে সুরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি জেলার ৪টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় পৃথকভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা ইতোমধ্যে অবস্থান গ্রহণ করেছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় অবস্থিত মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই বিজিবির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়া অব্যাহত রয়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এসব এলাকার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে বিজিবি। গত ০১ নভেম্বর ২০২৫ থেকে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে ৭ জন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি অবিরাম নজরদারি অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content