সারাদেশ

হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে: মাধবপুরে বিভাগীয় কমিশনার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ জানুয়ারি ২০২৬ , ৩:০৮:০০ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুরে গণভোটের প্রচারণায় ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করে বলেছেন, “হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হ্যাঁ ভোট দিতে হবে।”

তিনি বলেন, “বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে, সংসদে গান-বাজনা হয়েছে। এসবের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, ফ্যাসিস্টদের চিরতরে কবর দিতে হলে হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত গণভোট প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোরশেদ খানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content