ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ২:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে আমেনা খাতুন (৩ বছর ৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত আমেনা সরকার পাড়া গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, বিকেলে আমেনা ও আরও এক শিশু বাড়ির পাশে একটি ডোবার (খাল) পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে দুই শিশু পানিতে পড়ে যায়। স্থানীয়রা তা দেখতে পেয়ে দ্রুত ডোবার পানিতে নেমে তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার করার পর আমেনাকে মৃত ঘোষণা করা হয়। অপর শিশুটি প্রাণে রক্ষা পায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, “ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















