প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ১০:১০:৩০ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় এক সমাবেশকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শনিবার উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে এই সমাবেশ হয়। সমাবেশে ফরহাদের দুই পাশে বসেন স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দেড় দশক ধরে হামলা-মামলা-নির্যাতন সয়ে আন্দোলন করে আসা কর্মীরা অবহেলিত হচ্ছেন। বরং অর্থ ও প্রভাবের জোরে পুনর্বাসিত করা হচ্ছে আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের, যারা অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনে জড়িত ছিলেন।
অনুষ্ঠানে ফরহাদের ডানে ছিলেন বোদার পাঁচপীর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায়, আর বাঁ পাশে ছিলেন দেবীগঞ্জের পামুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মণি ভূষণ রায়।
স্থানীয়রা বলেন, মণি ভূষণ রায় ২০২১ সালে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। অন্যদিকে অজয় কুমার রায়কে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবির ঘনিষ্ঠ বলে চেনে এলাকাবাসী।
বিএনপির তৃণমূলের কয়েকজন হতাশা প্রকাশ করে বলেন, “আমরা এতদিন দমন-পীড়ন সহ্য করেছি, এখন সুদিন আসতেই ভোটার-বিরোধী বিতর্কিত নেতাদের দলে টানা হচ্ছে। এতে সংগঠনের ক্ষতি হতে পারে।”
অভিযোগের বিষয়ে ফরহাদ হোসেন আজাদ জানান, অনুষ্ঠানটি রাজনৈতিক ছিল না। এটি ছিল হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও মহালয়ার প্রস্তুতি সভা। তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন। কারা তার পাশে বসেছেন সেটা তার দেখার বিষয় নয়। তিনি বলেন, “যারা আগে আওয়ামী লীগ করেছেন, এখন ভুল বুঝতে পেরেছেন। আইন অনুযায়ী অপরাধ করলে তার বিচার হবে।”














