শিক্ষা ও শিক্ষাঙ্গন

রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের বিক্ষোভ

  রাজশাহী প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে অপসারণ ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত ২৬ আগস্ট নগরীর অগ্রণী ব্যাংক আরডিএ শাখায় জমি নিলামকে কেন্দ্র করে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে কথিত পত্রিকা মালিক পরিচয়দানকারী প্রতারক আক্তারুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এ সময় আক্তার এক সাংবাদিকের মোবাইল ভেঙে ফেলেন ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

পরে সাংবাদিকরা প্রতারক আক্তারের বিরুদ্ধে মামলা করতে চাইলে ওসি মামলা না নিয়ে কেবল লিখিত অভিযোগ গ্রহণ করেন। অথচ সাংবাদিকদের ধারাবাহিক সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে প্রতারক আক্তারের দায়ের করা চাঁদাবাজি মামলা (নং-২/২০২৫) ২ সেপ্টেম্বর শাহমখদুম থানায় রেকর্ড করেন। এতে ছয় সাংবাদিক ও এক ঠিকাদারকে আসামি করা হয়।

মামলায় আসামি সাংবাদিকরা

  • আজিবার রহমান, সম্পাদক ও প্রকাশক, রাজশাহীর আলো

  • ফায়সাল আহম্মেদ, সিনিয়র ফটো সাংবাদিক

  • আরিফুল হক রনি, ক্যামেরাম্যান, আরটিভি

  • নাঈম হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি, কালের কণ্ঠ

  • মাজহারুল ইসলাম, ব্যুরো প্রধান, গণমুক্তি

  • নাজমুল হক, সাংবাদিক, আজকের প্রত্যাশা

প্রতারক আক্তারের দাবি, সাংবাদিকরা তার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে ভিডিওচিত্র, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং এমনকি আক্তারের নিজস্ব বক্তব্য থেকেও অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, ওসি প্রতারক আক্তারকে বাঁচাতে এবং নিজের অপকর্ম ঢাকতে প্রতিশোধমূলকভাবে এ মামলা নেন।

মানববন্ধনে বক্তারা বলেন , “গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার। অথচ পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা না দিয়ে তাদের আসামি করেছে। এটি শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্রকেও হুমকির মুখে ফেলছে।”

বক্তারা আরও জানান, এ মামলা ‘গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন’ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাহিদসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content