ধর্ম

ইসলামী ব‍্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিরামপুরে মানববন্ধন

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৫ , ৭:৪২:২৬ প্রিন্ট সংস্করণ

‎দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের ঢাকা মোড়ে ইসলামী ব‍্যাংকের সামনে ইসলামী ব‍্যাংকে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব‍্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অযোগ্য ও অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎‎বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যৌথ আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

‎‎মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম, মফিজুল ইসলাম এবং ব্যবসায়ী ও ব‍্যাংকের গ্রাহকদের মধ্যে এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল, শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

‎‎বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।

‎বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহবান জানান তারা।

‎‎বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য অদক্ষ কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।

আরও খবর

Sponsered content