মো: সাকিব চৌধুরী ২৩ অক্টোবর ২০২৫ , ১০:১২:৩২ প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, “উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র উপদেষ্টার অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জাতীয় পার্টি একসময় আন্দোলন করেছিল ‘নো এরশাদ, নো ইলেকশন’। আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক, সাধারণ মানুষ ন্যায়বিচার পাক। কিন্তু আজ একটি মামলার নিষ্পত্তির জন্য মানুষ মাসের পর মাস আদালতে ঘুরছে। অন্য দলের আইনজীবীরা আদালতে প্রবেশ করতে পারছেন না। এমনকি কারাবন্দি ব্যক্তিরা আদালতে যাওয়ার পথে ডিম নিক্ষেপের শিকার হচ্ছেন। এসব কর্মকাণ্ডের কারণে আমরা বিশ্ব দরবারে অসভ্য জাতি হিসেবে পরিচিত হচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশে আজ কোনো জায়গাতেই মানুষ স্বস্তিতে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, প্রশাসন স্বাভাবিকভাবে কাজ করছে না, আদালত ও সচিবালয়েও অচলাবস্থা বিরাজ করছে। এভাবে দেশ চলতে পারে না। সুশাসন নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনই একমাত্র সমাধান।”
জাতিসংঘ থেকে বাংলাদেশি শান্তিরক্ষী সৈন্য ফেরত পাঠানো এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিচ্ছিন্ন অবস্থার কথাও উল্লেখ করেন জাতীয় পার্টির এই নেতা। তিনি বলেন, “বিমানবন্দর, ট্রেন, রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এভাবে চলতে থাকলে সোনার বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে।”
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনে অংশ নিয়েছে। তবে অন্য রাজনৈতিক দলের মতো সমান সুযোগ-সুবিধা না পেলে আমরা নির্বাচনে অংশ নেব না।”
তিনি আরও বলেন, “সংবিধানের বাইরে কোনো নির্বাচনের আইনি ভিত্তি নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে কোনো সমস্যা থাকবে না।”
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস. এম. ইয়াসির-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















