মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ২৫ অক্টোবর ২০২৫ , ৫:১২:০৩ প্রিন্ট সংস্করণ
ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার-পরিজন ছেড়ে প্রবাসে গিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের স্বপন আলী (৩৭)। তবে পূরণ হলো না তার সেই স্বপ্ন। মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যের জালান এয়ারপোর্ট এলাকায় কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এই রেমিট্যান্স যোদ্ধা।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাছের পানি দেওয়ার কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে থাকা সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত স্বপন আলী গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের গোপালনগর এলাকার মন্টু আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
স্বপনের অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।











