আন্তর্জাতিক

মাধবপুরে হিন্দু বাড়িতে ডাকাতি: দুজন গ্রেফতার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ নভেম্বর ২০২৫ , ১১:১৬:১৭ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা পালপাড়ায় হিন্দু পরিবারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে মাধবপুর পৌর এলাকার পূর্ব মাধবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মিন্নত আলীর ছেলে ছৈয়দ আলী (৩৭) এবং ফুল মিয়ার ছেলে দুধ মিয়া (৩৩)

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্যামা গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সদস্যদের ওপর হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনায় বাড়ির কয়েকজন আহত হন।

ঘটনার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায়। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।”

আরও খবর

Sponsered content