রাজশাহী প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ৫:০৬:৪৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করতে গিয়ে নেসকোর (NESCO) দুই কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নেসকোর একটি দল বৈদ্যুতিক জোড়া খুঁটির উপরে ট্রান্সমিশন লাইনের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এক কর্মচারী নিচে পড়ে গুরুতর আহত হন এবং অপরজন খুঁটির উপরে ঝুলে থাকেন। পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে দুর্ঘটনাটি ঘটে। নেসকো কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।















