নওগাঁ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৭:৫৩:৫৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের কচুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফের পরিবারকে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারটির খোঁজখবর নেন। পরে তিনি নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও পোশাকসহ প্রয়োজনীয় সহায়তা সামগ্রী প্রদান করেন।
সহায়তা বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোখলেছুর রহমান মকে, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সালেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, দুই বস্তা চাল, শাড়ি, লুঙ্গি ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কচুয়া গ্রামে আগুনের সূত্রপাত হয়। এতে আব্দুল লতিফের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে সরকারি সহায়তা হিসেবে দুই বান টিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হবে।




















